দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার এক গোলটেবিল বৈঠক করবে নতুন রাজনৈতিক মঞ্চ জাতীয় মুক্তিমঞ্চ। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠান শুরু হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, গোলটেবিল সভায় দেশের সার্বিক বিরাজমান পরিস্থিতি ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হবে। ডেঙ্গু মহামারী, নাজুক অর্থনৈতিক অবস্থা, শেয়ারবাজার ও ব্যাংকের টাকা লুণ্ঠন এবং বিদেশে টাকা পাচার, ভয়াবহ বন্যা ও অপর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা, রাজনৈতিক সংকট এবং গজব ও গুজব নিয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় সভাপতিত্ব করবেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। পরিচালনা করবেন জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীরবিক্রম (অব.)। বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক কেবিনেট সচিব ডক্টর সা’দত হোসেন, সাবেক সচিব মোফাজ্জল করিম, এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ, সাবেক এমপি গোলাম মওলা রনি প্রমুখ।