সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র মামলায় আলোচিত যুবলীগ নেতা রিপন খান ওরফে চশমা রিপনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এই রায় দেন।
দণ্ডিত যুবলীগ নেতা রিপন পলাতক রয়েছেন। পাগলার নয়ামাটি এলাকার গোলাপ খানের ছেলে রিপন কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ নেতা বলে পরিচিত। আদালতের এপিপি জাসমিন আহমেদ দেশ রূপান্তরকে জানান, ২০১৩ সালের ৩১ জুলাই কুতুবপুর নয়ামাটি এলাকায় দেশে তৈরি পাইপগান, চারটি কার্তুজ ও ৫০ পিস ইয়াবাসহ রিপনকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাবের এসআই মো. আইয়ূব আলী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় জামিনে বেরিয়ে পলাতক রয়েছেন তিনি।
স্থানীয়া বলেছেন, রিপন ওরফে চশমা রিপন এলাকার এক দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী।