পাথরঘাটায় বিয়ের প্রলোভন দেখিয়ে পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো পাথরঘাটা উপজেলার মানিকখালী গ্রামের মো. এনছের আলীর ছেলে হাসিব, হায়াত আলীর ছেলে ইদ্রিস ও সোনা মিয়ার ছেলে হায়দার। রায়ের সময় হাসিব ও ইদ্রিস আদালতে ছিলেন। অপর আসামি হায়দার পলাতক।
হাসিবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ইদ্রিস ও হায়দারের হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড।
আদালত সূত্রে জানা যায়, ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে ২০০৭ সালের ১০ জুলাই রাত ১১টায় হাসিবের সঙ্গে বিয়ের আয়োজন করে তার সহযোগীরা। সে বিয়ে না হওয়ার পর ওই রাতেই ইদ্রিস ও হায়দার কিশোরীকে বাইরে আসতে বলে। তাদের কথামতো সে বের হলে ইদ্রিস ও হায়দারের সহযোগিতায় হাসিব তাকে ঘরের পেছনে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ১৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে ওই কিশোরী। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কামরুল আহসান মহারাজ।