বর্ণিল আয়োজনে বরেণ্য শিক্ষাবিদ ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের জন্মদিন উদযাপন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিবার।
৫ আগস্ট সোমবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ সমাজবিজ্ঞানীর ৭৯তম জন্মদিন উপলক্ষে নগরীর প্রবর্তক এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নানা আয়োজন করা হয়।
এ সময় প্রফেসর ড. অনুপম সেন বলেন, ৫ আগস্ট আমার জন্মদিন, এ কথা আমার মনেই ছিল না। কিন্তু প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় পরিবার আমার জন্ম তারিখ মনে রেখেছে এবং উদযাপন করছে। তাদের এই অকৃত্রিম ভালোবাসায় আমি অভিভূত। জীবনের শেষদিন পর্যন্ত এই ভালোবাসাকে আমি পাথেয় করে রাখব। আমি যেদিন চোখ বুজব- মনে হয়, তখনও এই ভালোবাসা আমার অন্তরে বিরাজ করবে।
তিনি বলেন, ষাট বছর বয়স পেরোনোর পর জন্মদিন স্মরণ করানোর অর্থ হলো মৃত্যুর কথা মনে করানো। তবে মৃত্যুর কারণে জীবনকে অর্থহীন মনে করার কোনো কারণ নেই। এ জীবনের গভীর অর্থ রয়েছে। মানব-সেবায় নিজেকে নিযুক্ত করার মধ্য দিয়েই জীবনকে অর্থবহ করা যায়।
শিক্ষক ও পুরনো বন্ধুদের স্মরণ করে ড. অনুপম সেন বলেন, ১৯৬৫ থেকে শিক্ষকতায় নিয়োজিত আছি। পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমান বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। এখন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যে এখনও শিক্ষকতায় নিয়োজিত আছি, এটা আমার জীবনের পরম পাওয়া।
ড. সেন তার অমর সৃষ্টি ‘দি স্টেট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড ক্লাস ফরমেশনস ইন ইন্ডিয়া’ গ্রন্থ সম্পর্কে বলেন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠান ‘রাউটলেজ অ্যান্ড কেগানপল’ ১৯৮২ সালে গ্রন্থটি প্রথম প্রকাশ করে। প্রায় সাড়ে তিন দশক পরে রাউটলেজ আবার গ্রন্থটি প্রকাশ করেছে ২০১৭ সালে, ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন’ হিসেবে।
‘খুব মূল্যবান গ্রন্থকেই সাধারণত ‘লাইব্রেরি এডিশন’ হিসেবে প্রকাশ করা হয়। ‘রাউটলেজ লাইব্রেরি এডিশন: ব্রিটিশ ইন ইন্ডিয়া’ শিরোনামের এই এডিশনের ২৩ তম খণ্ড হিসেবে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। এজন্য আমি রাউটলেজের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’
জন্মদিনে ড. অনুপম সেনকে ফুলেল শুভেচ্ছা জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তড়িৎ প্রকৌশল, স্থাপত্য, ইংরেজি বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হকসহ প্রমুখ। ফুলেল শুভেচ্ছা নেওয়ার পর প্রফেসর ড. অনুপম সেন জন্মদিনের কেক কাটেন।