চোটের কারণে যুক্তরাষ্ট্র সফর শেষ মেসির

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রাক মৌসুমের দুটি ম্যাচে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। কিন্তু চোটের কারণে এই সফরে থাকা হচ্ছে না দলটির অধিনায়ক লিওনেল মেসির। ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরেই চোটে পড়েছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

সোমবার অনুশীলন করার সময় ডান পায়ে আঘাত পান মেসি। এই চোটই যুক্তরাষ্ট্র সফর থেকে তারকা এই ফরোয়ার্ডকে ছিটকে দিচ্ছে। পরে বার্সেলোনার এক বিবৃতিতে জানানো হয়, ডান পায়ে অস্বস্তি বোধ করায় মেসি অনুশীলন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান পায়ের মাংসপেশিতে গ্রেড ওয়ান পর্যায়ের চোট ধরা পড়েছে। তবে চোট সাড়তে কতদিন লাগবে এ ব্যাপারে নিশ্চিত কিছু বলা হয়নি।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে মেসি লিখেছেন- “আমি খেলা শুরু করতে মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রথম অনুশীলন সেশনেই আমাকে বাধা পেলাম। এটা আমাকে অল্প সময়ের জন্য ছিটকে দেবে।”

“আমি দল ও যুক্তরাষ্ট্রে যেসব সমর্থক আমাদের অনুসরণ করে তাদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। সেটা এবার হচ্ছে না। তবে শীঘ্রই আমাদের দেখা হবে।”