অবসরে পাঠানো হচ্ছে ভেট্টরির ১১ নম্বর জার্সি!

সাবেক তারকা অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টরির সম্মানে তার ব্যবহৃত ১১ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের হয়ে দুই শতাধিক ওয়ানডে খেলা ক্রিকেটারদের জার্সি নম্বর আর ব্যবহার না করা বা অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। ২০১৫ বিশ্বকাপ শেষে বর্নাঢ্য ক্যারিয়ারের ইতি টানার আগে অলরাউন্ডার ভেট্টরি ২৯১ ওয়ানডেতে বল হাতে ২৯৭ উইকেট নেন। ব্যাট হাতে করেন ২২৫৩ রান করেছেন।

সম্প্রতি বাংলাদেশ দলের স্পিন পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া ভেট্টরি টেস্ট খেলেছেন ১১৩টি। তাতে নিয়েছেন ৩৬২ উইকেট, রান করেছেন সাড়ে চার হাজারের উপরে।

শ্রীলঙ্কা সফরে আগামী ১৪ আগস্ট প্রথম টেস্ট শুরু হওয়ার আগে টুইটারের মাধ্যমে খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করেছে ব্ল্যাক ক্যাপসরা। তাতে কাউকে দেওয়া হয়নি ভেট্টরির ব্যবহৃত ১১ নম্বর জার্সি।

স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস হ্যারিস, রস টেইলর, নাথান অ্যাস্টল এবং ক্রিস কেয়ার্নস এরা সকলেই নিউজিল্যান্ডের হয়ে দুই শতাধিক ওয়ানডে খেলেছেন। তবে তাদের জার্সি নম্বরও অবসরে পাঠানো হবে কি-না তা স্পস্ট নয়।