ফটিকছড়িতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত ২

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২ ব্যবসায়ী মারাত্মক আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টায় স্থানীয় চৌমুহনী বাজারের পাশে জমির চৌধুরীর ঘিরা এলাকার অন্ধকার স্থানে সেতুর উপর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ব রাঙ্গামাটিয়া গ্রামের পূর্বনাথ পাড়ার বাসিন্দা মৃত সাধন নাথের ছেলে চৌমুহনী বাজারের স্বর্ণ ব্যবসায়ী লক্ষণ নাথ (৩০), অপরজন একই এলাকার কৃষ্ণ কমল নাথের ছেলে বিবিরহাট বাজারের কসমেটিকস ব্যবসায়ী শিমুল কান্তি নাথ (৩০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত লক্ষণ নাথ বলেন, 'আমি আর আমার ভাইপু শিমুল নাথ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন দিক থেকে মুখ বাঁধা অবস্থায় ৮ জন ছিনতাইকারী আমাদের উপর হামলে পড়ে।

এসময় তারা আমাদেরকে ছুরিকাঘাত করে আমার গলায় থাকা স্বর্ণের চেইন, পকেটে থাকা নগদ ৪ হাজার ৫ শত টাকা ও আমার ভাইপোর সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট, বিকাশের ২টি নরমাল ফোন, ২টি এটিএম কার্ড ও মানিব্যাগ চিনিয়ে নেয়।

আমাদের চিৎকারে স্থানীয় এলাকাবাসী ছুটে এসে ২ ছিনতাইকারীকে আটক করলেও বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়।'

রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে আটক ২ ছিনতাইকারীদের থানায় নিয়ে যায়।

আটকরা হলেন- উপজেলার ফটিকছড়ি পৌরসভার ধুরং ভুইয়া পাড়ার বাসিন্দা আজিজুল হকের ছেলে সারদিল (১৬), অপরজন ধুরং এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে মুরাদ (১৬)।

আটক দু'জনই ফটিকছড়ি সরকারি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার এসআই সঞ্জয় ঘোষ বলেন, 'দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকি ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নে্ওয়া হবে।'