কাশ্মীর ইস্যুতে আফ্রিদিকে একহাত নিলেন গম্ভীর!

পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ও ভারতের গৌতম গম্ভীরের তিক্ত সম্পর্ক কারো অজানা নয়। এবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাবেক অধিনায়ককে ঘায়েল করলেন ক্রিকেট থেকে অবসর নিয়ে বিজেপির টিকিটে রাজনীতিক বনে যাওয়া গম্ভীর।

ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদের ফলে জম্মু ও কাশ্মীর এতদিন বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা পেয়ে আসছিল সোমবার সেই ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি রাজ্যটিকে কেন্দ্রের শাসনের আওতায় আনতে পার্লামেন্টে বিলও তোলা হয়। জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মোদী সরকারের এই সিদ্ধান্তেরই তীব্র প্রতিবাদ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি। জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে টুইটারে লিখেছেন, “জাতিসংঘের নিয়ম অনুযায়ী কাম্মীরকেও তাদের প্রাপ্ত অধিকার দেওয়া উচিত, যে স্বাধীনতা আমরা সকলে পেয়ে থাকি। তাহলে কেন এটা তৈরি করা হলো? জাতিসংঘ কি ঘুমাচ্ছে? কাশ্মীরে মানবতার বিরুদ্ধে যে আগ্রাসন ও অপরাধ ঘটছে সেসবে দৃষ্টি দেওয়া উচিত।” এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আফ্রিদি।

এই টুইট দেখে নিজেকে শান্ত রাখতে পারেননি ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও বিজেপির সাংসদ গম্ভীর। টুইটারে তিনি লিখেছেন, “বিষয়টা সামনে আনার জন্য আফ্রিদির তারিফ করা উচিত। ও শুধু একটা বিষয় বলতে ভুলে গেছে। যা ঘটছে সবটাই পাক অধিকৃত কাশ্মীরে হচ্ছে। চিন্তা করার কিছু নেই। সেটাও আমরা ঠিক করে দেব!!!”