সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
ম্যুরাল উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, সিলেট জেলার মধ্যে উপজেলা পর্যায়ে গোলাপগঞ্জেই প্রথম বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত হলো। শোকাবহ আগস্ট মাসে এই ম্যুরাল উদ্বোধন করা হলো।
তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোনো কিছুতেই শোধ করা সম্ভব নয়। তিনি স্বাধীনতা এনে দিয়ে আমাদেরকে চির ঋণে আবদ্ধ করেছেন।
ম্যুরাল উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।