ধর্ষণের শিকার ছাত্রী অন্তঃসত্ত্বা

জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ করে মামলা করেছে তার পরিবার। গত সোমবার করা মামলায় ধর্ষণের অভিযোগ থাকা যুবক মোহিন চন্দ্র সিংহের (২৩) বাবা প্রফুল্ল চন্দ্র সিংহকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, পরীক্ষা করে দেখা গেছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ২৪ মাস বা প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। ধর্মের কারণে প্রথমে তারা বিষয়টি গোপন রাখে। কিন্তু বর্তমানে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য শুরু হয়েছে। মীমাংসার জন্য চাপও দিয়েছে স্থানীয় মোড়লরা। এমন বাস্তবতায় বালিয়াডাঙ্গী থানায় গত সোমবার রাতে ওই যুবক, তার ভাই বিদ্যানাথ সিংহ (২১), বাবা প্রফুল্ল চন্দ্র সিংহ ও মা মিলন বালাকে (৪৫) আসামি করে মামলা করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৫ ডিসেম্বর স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে শারীরিক সম্পর্ক করেন যুবক। পরে বিয়ের প্রলোভনে নানা সময়ে একাধিকবার এ সম্পর্ক বজায় রাখেন তিনি। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ছাত্রীটি। তিন-চার মাস আগে হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হয়ে বিয়ে করার আশ্বাস দেখিয়ে স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন মোহিন।