অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্ক অথবা বান্ধবীদের সঙ্গে ছুটি কাটানোর গল্পগাথা তো অনেকেই হয়। মালাইকা আরোরা এবার মুখ খুললেন তার ছেলে আরহান খান সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কবে বলিউডে দেখা যাবে তার ও আরবাজ খানের ছেলে আরহানকে। উত্তরে মালাইকা বলেন, ছেলে ফিল্মি পরিবারেই বড় হয়েছে। এমন একটি পরিবারে যেখানে প্রত্যেকে সিনেমার দুনিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই খুব স্বাভাবিকভাবেই সিনেমার দুনিয়ার প্রতি তার টান আছে। তবে ক্যারিয়ার হিসেবে বলিউডকেই আরহান বেছে নেবে কি না সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মালাইকা। এরপরই উঠে আসে বহু চর্চিত সেই প্রশ্ন। কবে সাত পাকে বাঁধা পড়ছেন অর্জুন কাপুরের সঙ্গে। প্রশ্ন এড়িয়ে যাননি মালাইকা। বরং স্পষ্ট জবাবে বলেন, এখনই বিয়ে করার কোনো ভাবনাচিন্তা তাদের নেই। এই মুহূর্তে জীবনে এক শান্তিপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন।
সম্প্রতি একটি বিখ্যাত ডিজাইনারের সামার কালেকশন পরে র্যাম্পের মঞ্চ মাতিয়েছেন মালাইকা। শো শেষে জুম টিভির এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন নানা বিষয়ে। এতে উঠে এসেছে আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পর তার সিনেমা দাবাং ৩ থেকে বাদ পড়ার কথা, অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের কথা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মালাইকা বলেন, ‘আমি সব সময় দাবাং ৩ সিনেমার জন্য শুভকামনা জানাই। এই সিরিজের দুটি সিনেমায় আমি কাজ করেছি। মুন্নি বদনাম গানটি আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। তবে এবার আর কাজ করছি না। কারণটা সবাই জানেন। আরবাজ আর আমি এখন আলাদাভাবে নিজেদের গুছিয়ে নিয়েছি। ফলে নতুন করে সেই জায়গাটা নষ্ট করতে চাই না। আমি কাজ করতে পারছি না বলে আমার কোনো দুঃখবোধ নেই। আমি অনেক কাজ নিয়ে ব্যস্ত।’
আসলেই তাই, মালাইকা টিভি অনুষ্ঠানের বিচারকাজ করেন, ফ্যাশন শোর শো স্টপার হন, বিজ্ঞাপন করেন, ব্রান্ড এনডোরসমেন্ট করেন, আইটেম গান করেন, আরও কত কি! সম্প্রতি হলিউড তারকা জেনিফার লোপেজের মতো তারকার সঙ্গে নতুন এক ব্যবসা শুরু করেছেন তিনি। এ নিয়ে দারুণ উত্তেজিত তিনি।
অবশেষে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের কথা সরাসরি না হলেও এক রকম স্বীকারই করে নিয়েছেন মালাইকা। সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনি কি অজর্ুূন কাপুরের সঙ্গে প্রেমের বিষয়টি নিয়ে খুশি। এর উত্তরে তিনি মুচকি হেসে বলেন, ‘হ্যাঁ, আমি খুশি। এটাই তো তোমরা শুনতে চাও। যাও, বলে দিলাম আজ!’