ভাগ্যে বিশ্বাসী ডিক্যাপ্রিও
হলিউডে লিওনার্দো ডিক্যাপ্রিওর ক্যারিয়ারটা বেশ জমকালো। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার সফলতার পেছনে আছে পরিশ্রম এবং সিনেমায় ভালো চরিত্র নির্বাচন। ৪৪ বছর বয়সী ডিক্যাপ্রিও টাইটানিক, রেভেনেন্ট, রোমিও-জুলিয়েট, ইনসেপশন এবং ওলফ অব ওয়াল স্ট্রিটের মতো সিনেমায় অভিনয় করেছেন। যেকোনো চরিত্রেই তিনি মানিয়ে যেতে পারেন খুব সহজে। তবে ডিক্যাপ্রিও মনে করেন, যদি ভাগ্য তাকে সাহায্য না করত, তিনি এত সহজেই সফলতার শীর্ষে পৌঁছাতে পারতেন না। একটি সাক্ষাৎকারে ডিক্যাপ্রিও বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতেই বড় হয়েছি, আমার অনেক বন্ধু এখন অভিনেতা। আমি জানি কাজ পাওয়া কত কঠিন। আমি সৌভাগ্যবান, সঠিক সময়ে সঠিক জায়গায় কাজ পেয়েছি। এ রকম যদি না হতো, তাহলে আমার জীবনটাও অন্যরকম হতো।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয় ক্যারিয়ারের একটা সময় সবারই নিজেকে বহিরাগত মনে হয়। আমারও মনে হয়েছে, যখন আমি শুরু করেছিলাম। পরে মনে হয়েছে, অতিপ্রাকৃত কোনো শুভশক্তি আমার বাড়িতে এসে আমাকে বেছে নিয়েছে। আমরা যে যেখানে আছি সেখানে যদি ভাগ্য টেনে না আনত, তাহলে থাকতে পারতাম না।’
ভেনিস উৎসবে ‘রোকাইয়া’
প্রাচীনতম চলচ্চিত্র উৎসব হিসেবে ধরা হয় ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’কে। এবার এর ৭৬তম আসরের জন্য প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশ-আফগানিস্তানের যৌথ প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘রোকাইয়া’। খরবটি নিশ্চিত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান গুপীবাঘা প্রডাকশনস লিমিটেডের অন্যতম কর্ণধার আরিফুর রহমান। সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে লড়াই করছে। ১০ মিনিট পরিসরের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আফগানিস্তানের পরিচালক দিয়ানা সাকিব জামাল। আরিফুর রহমান বলেন, ‘দিয়ানা খুবই প্রতিভাবান পরিচালক। আশা করছি, সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে প্রশংসিত হবে।’ এতে অভিনয় করেছেন আফগান অভিনেত্রী রোকেয়া রাসুলি, আসাদুল্লাহ রাসুলি, কুরবান আলি সুলাইমানসহ অনেকে। আগামী ২৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি হবে। শর্টফিল্ম শাখায় ‘রোকাইয়া’ ছাড়াও বিশ্বের ১২টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করছে।
পারিবারিক দ্বন্দ্বে নিশো-মেহজাবিন
একান্নবর্তী পরিবারের চটপটে মেয়ে জুঁইয়ের সঙ্গে একই পাড়ার সহজ-সরল ছেলে সাফায়েতের প্রেম। তবে দুই পরিবার একে অপরকে একদম পছন্দ করে না। হঠাৎ একদিন জুঁই আর সাফায়েত পালিয়ে যায়। কিন্তু তারা বিয়ে না করেই বাড়িতে ফিরে এসে দেখে পরিস্থিতি ভিন্ন। জুঁইয়ের অভাবে তাদের পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। আর সাফায়েতের মা সবার সেবা করছেন! এরপর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে গেছে ‘জুঁই? একটু তোকে ছুঁই?’ নাটকের গল্প। এস এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটিতে জুঁইয়ের চরিত্রটি রূপদান করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আর সাফায়েতের চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে। রাজীব আহমেদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। আসছে ঈদুল আজহায় বাংলাভিশনে নাটকটি প্রচার হবে। পাশাপাশি এস এস এন্টারটেইনমেন্ট ইউটিউবে চ্যানেলে অবমুক্ত হবে।
কাশ্মীরের জন্য বলিউডে লোকসান
ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। এর সঙ্গে বলিউডের সম্পর্কও বেশ পুরনো। শর্মিলা ঠাকুর, শাম্মি কাপুরের সময় থেকেই চলে আসছে এই ঐতিহ্য। সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’, ‘কলঙ্ক’, ‘হায়দার’, ‘উরি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার শ্যুটিং হয়েছে কাশ্মীরে। তবে এবার হয়তো সেই সম্পর্কে ছেদ পড়তে চলেছে। কাশ্মীরে তুলে দেওয়া হয়েছে ৩৭০ ধারা। উত্তপ্ত কাশ্মীর থেকে ফিরে আসছেন পর্যটক ও ভিন রাজ্যের শিক্ষার্থীরা। এর প্রভাব পড়েছে বলিউড সিনেমার শ্যুটিংয়ে। কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিকে। কারণ, বেশ কিছু সিনেমার শ্যুটিং সেখানে চলছিল। অনেকগুলো সিনেমার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎ কাশ্মীর উত্তপ্ত হওয়ায় সব ধরনের শ্যুটিং বন্ধ রয়েছে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিকে সিদ্ধার্থ মালহোত্রার শ্যুটিং করার কথা ছিল কাশ্মীরে। তবে তা পিছিয়ে দেওয়া হয়েছে। সঞ্জয় দত্ত ও আলিয়া ভাটকে নিয়ে মহেশ ভাটের ‘সড়ক ২’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং হওয়ার কথা ছিল কাশ্মীরে। আপাতত সে কাজও বন্ধ রাখা হয়েছে। এভাবে শ্যুটিং পিছিয়ে দেওয়ার জন্য অতিরিক্ত টাকা খরচ হবে প্রযোজক সংস্থাগুলোর।
ক্ষমা চাইলেন সানি লিওন
সম্প্রতি মুক্তি পাওয়া ‘অর্জুন পাতিয়ালা’ সিনেমার আইটেম গানে নেচেছেন বলিউড সেনসেশন সানি লিওন। গানের শেষ দৃশ্যে দেখা যায় নায়ক দিলজিতকে নিজের ফোন নম্বর দেন সানি। আর কাকতালীয়ভাবে নম্বরটি মিলে গেছে পুনিত আগারওয়ালের নম্বরের সঙ্গে। আর তাতেই বিপত্তি হয়। একের পর এক ফোন আসতে থাকে পুনিতের কাছে। সবাই সানি লিওনকে চাইছিলেন। অনেকেই আপত্তিকর প্রস্তাবও দিতে থাকেন। শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো ঠাট্টা করছে। পরে আসল ঘটনা বুঝতে পারেন। অবশেষে বিড়ম্বনা থেকে রক্ষা পেতে হেনস্তার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন। এ প্রসঙ্গে সানিকে প্রশ্ন করা হলে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি ক্ষমা চাইছি। এ রকম কিছু হতে পারে আমি ভাবিনি।
ঈদে বৈশাখীতে ২৮ নাটক
ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনে ঈদের আগের দিনসহ আট দিনব্যাপী আয়োজনে থাকছে ২৮ নাটক ছাড়াও নানা আয়োজন। নাটকগুলোর মধ্যে ৯টি একক, ১৪টি মেগা এবং ৫টি বিশেষ ধারাবাহিক। এর মধ্যে বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নির্মিত হয়েছে চারটি একক ও দুটি ধারাবাহিক। একক নাটক চারটির মধ্যে রয়েছে মিলন ভট্টাচার্যের পরিচালনায় ‘হঠাৎ সেলিব্রেটি’, সকাল আহমেদের পরিচালনায় ‘ঘরকা মুরগী ডাল বরাবর’, আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ভাবীর দোকান-২’ ও শৌর্য দীপ্ত সূর্যর পরিচালনায় ‘ডিজিটাল প্রতারণা’। ধারাবাহিক দুটির মধ্যে আদিবাসী মিজান পরিচালনা করেছেন ‘লো প্রেসার’, ‘জামাই বাজার’ পরিচালনা করেছেন আল হাজেন। বাকি তিনটি ধারাবাহিক হলো ‘ভানুমতি ডটকম’, ‘মফিজের লাইফস্টাইল’ এবং ‘হিসাবের পাগল’। একক নাটকগুলো হলোÑ ‘ওয়ান মিলিয়ন ভিউ’, ‘মধ্যরাতের সেবা’, ‘সীমান্তহীন পাখি’, ‘বউ পাগলা বাদশা’ এবং ‘দাদার ভিমরতি’। প্রতিদিনর মেগা নাটক হলো, আয়নামতি, বউয়ের দোয়া পরিবহন-২, ঈদ বোনাস, নায়িকার বিয়ে-২, সিনেমাটিক, প্রেমের নাম বেদনা, ফলস আইটেম, লাল দালান, দাদার দেশের ডাক্তার, ঘরজামাই, ব্রেক ফেইল, কিড সোলায়মান, কুফা রাশি, ভানুমতি ডটকম এবং চাল্লু মামার পাল্লু ভাগ্নে।