রবীন্দ্রনাথের ৭৮তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলা একাডেমি আয়োজন করেছিল একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। এরপর ‘রবীন্দ্রজীবনে ১৯১৯ : তাৎপর্যপূর্ণ একটি বছর উপনিবেশবাদের বিরুদ্ধে স্পষ্ট ও সাহসী অবস্থান’ শীর্ষক একক বক্তৃতা করেন অধ্যাপক সৈয়দ আজিজুল হক। এদিকে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাব্যনাট্য, গীতিনাট্য ও আলোচনার আয়োজন করে ছায়ানট। অন্যদিকে শান্তির বার্তা নিয়ে ঢাকায় হিরোশিমা দিবস পালিত হয়েছে।

ছায়ানটের আয়োজন : কাব্যনাট্য, গীতিনাট্য ও আলোচনার মধ্য দিয়ে ৭৮তম প্রয়াণবার্ষিকীতে রবীন্দ্রনাথকে স্মরণ করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। গতকাল কবির প্রয়াণ দিবসের সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।