বাবাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হাতে যুবক

খুলনার তেরখাদায় নাঈম শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয় তার বাবা হিরু শেখ (৫৫)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী দেশ রূপান্তরকে  জানান, রাতে নাইমের বাবা হিরু ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ডেকে ঘুম উঠান। ঘুমের ঘোর কাটার আগেই অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

এ সময় তিনি চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে নাঈম বাবাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।

এতে ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। গুরুতর আহত হিরুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেকুজ্জামান বলেন, শত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন নাঈমকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। তদন্তের সঙ্গে প্রতিবেশীদের নামপরিচয় জানানো যাচ্ছে না।