পাকিস্তান সুপার লিগের গত চারটি আসরের অল্প কিছু ম্যাচ হয়েছিল পাকিস্তানে। আরব আমিরাতকেই মূল ভেন্যু হিসেবে ধরে পিএসএল আয়োজন করে আসছিল পিসিবি। তবে আগামী আসরে বদলে যাচ্ছে এই পরিস্থিতি। পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা পিসিবিকে জানিয়েছে, পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হোক এমনটাই চান তারা।
সম্প্রতি পিসিবি চেয়ারম্যান এহসান মনি পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বসেন। তাদের সঙ্গে পঞ্চম আসর আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেন।
পিএসএলের পঞ্চম আসরের ৩৮টি ম্যাচ আয়োজনের জন্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে লাহোর, করাচি, মুলতান ও রাওয়ালপিন্ডি। তবে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।
সবচেয়ে বেশি ম্যাচ হবে লাহোরে, ১৩টি। মুলতান সবশেষ ২০০৮ সালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল। এবার পিএসএলের বদৌলতে মুলতানও ছোঁয়া পেতে যাচ্ছে আন্তর্জাতিক ম্যাচের। পিএসএলকে সামনে রেখে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকেও ঢেলে সাজানো হয়েছে।
২০১৯ সালে আটটি ম্যাচ লাহোর ও করাচি আয়োজন করার পরিকল্পনা হয়েছিল। কিন্তু ভারতের সঙ্গে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সবগুলো ম্যাচ করাচিতে আয়োজন করা হয়।
পিএসএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আলোচনায় বসেছিলেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। সেখানে ছয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, তারা চান পাকিস্তানের মাটিতেই হোক পিএসএলের পুরো আসর।
২০০৯ সালের সেই সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে আছে পাকিস্তান। পুরো পিএসএল দেশের মাটিতে আয়োজন করতে পারলে সেটা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোতে বড় ভূমিকাই রাখতে পারে।