চুয়াডাঙ্গায় আমবাগানে মিলল কয়েক কেজি ওজনের ‘বোমা’

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আমবাগানে কয়েক কেজি ওজনের একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এটি নিষ্ক্রিয় করতে খুলনা থেকে রওনা হয়েছে র‌্যাবের একটি বোম্ব ডিসপোজাল ইউনিট।

র‌্যাব-৬ এর ওই বোম্ব ডিসপোজাল ইউনিট বুধবার বিকেল নাগাদ সেখানে পৌঁছাতে পারে।

পুলিশ জানায়, দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাশ গ্রামের একটি আমবাগানে মঙ্গলবার বিকেলে বোমাটি পুতে রাখা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারা নাটুদাহ পুলিশ ক্যাম্পে খবর দেয়।

পরে পুলিশের একটি দল রাতেই সেখানে যায়। রাতভর চেষ্টা চালিয়েও তারা বোমাটি নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়। পরে বুধবার ভোরে বোমাটি তুলে পানির বালতিতে করে নাটুদাহ পুলিশ ক্যাম্পে রেখে দেওয়া হয়।

বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হলে বোমাটি নিষ্ক্রিয় করতে দুপুর ১২টার দিকে খুলনা থেকে র‌্যাব-৬ এর একটি বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা হয়। বিকেল নাগাদ তারা দামুড়হুদা পৌঁছাতে পারে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম, বার) বলেন, নিরাপত্তার জন্য ওই এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করবে।