দিনে হুমকি দিয়ে রাতেই যুবককে খুন

লক্ষ্মীপুরের রায়পুর মসজিদের টাকা উত্তোলন নিয়ে দিনে হুমকির পর রাতে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে সৈয়দ আহম্মদ (৩০) নামের এক যুবককে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে পৌর শহরের শিবপুর গ্রামের আমির উদ্দিন ব্যাপারী বাড়ির সামনে এমন ঘটনা ঘটে। রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত সৈয়দ একই এলাকার মৃত শামছুল হকের ছেলে।

এঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে বুধবার সকালে রায়পুর থানায় আব্দুল মালেক, তার ছেলে জাহেদ, খালেক ও একই এলাকার মো. বাহারকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ আব্দুল মালেককে আটক করে। 

নিহতের মা রিনা বেগম ও ছোট ভাই সবুজসহ এলাকাবাসী জানায়, বাড়ির সামনে নতুন করে একটি মসজিদ নির্মানের কাজ চলছে। মসজিদ নির্মানের জন্য এলাকাবাসী একই এলাকার শামছুল হকের ছেলে মো. সৈয়দ আহম্মেদকে মসজিদের সামনে টাকা উত্তোলনের দায়িত্ব দেয়।

গত কয়েকদিন থেকে সৈয়দ টাকা উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দিয়ে আসছিলেন। কয়েক দিন ধরে সৈয়দকে টাকা উত্তোলন করতে নিষেধ করে আসছে একই এলাকার আব্দুল মালেকের ছেলে জাহেদ ও খালেক।

কিন্তু সৈয়দ আহম্মেদ টাকা উত্তোলন বন্ধ না করায় মঙ্গলবার সকালে এর জের ধরে জাহেদ ও খালেকের সাথে ঝগড়া হয়। এক পর্যায় সৈয়দকে তাদের কথা না শুনলে দেখে নেওয়ার হুমকি দেয়। ওই দিন রাত সাড়ে ৯টায় স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে মসজিদের সামনে দুর্বৃত্তরা সৈয়দকে পথ রোধ করে হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে মাথায় গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সৈয়দকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

রায়পুর থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া বলেন, নিহতের মা রিনা বেগম এ ঘটনায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।