সদর উপজেলার ভাদশা হরিপুর এলাকা থেকে গতকাল বুধবার সকালে আবদুর রহিম (৪৮) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুর রহিম পাশের জেলা নওগাঁর ধামইরহাট উপজেলার ধুরইল গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি নওগাঁ থেকেই ভ্যান চালাতেন। হত্যাকা-ে জড়িত অভিযোগে গতকাল দুপুরে দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলো জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের শফিকুলের ছেলে জনী (২০) ও খনজনপুরের খালেকের ছেলে তরিকুল (২৩)।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার সন্ধ্যার পর আবদুর রহিম তার অটোভ্যান নিয়ে বাসা থেকে বের হয়। রাত ১০টার দিকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গতকাল সকালে স্থানীয়রা সদর উপজেলার ভাদশা হরিপুর এলাকায় রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। জয়পুরহাট সদর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, তার ভ্যানটি উদ্ধার হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুস সালাম জানান, হত্যাকা-ে জড়িত অভিযোগে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।