গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বেপরোয়া চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। চাঁদাবাজদের হাত থেকে ভ্যান রিকশা চালকরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ এই কালনা ফেরিঘাট দিয়ে যশোর, খুলনা, বেনাপোল, নড়াইল, সাতক্ষীরাসহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে থাকে।
এ রুট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চলাচলকারী গাড়ি থেকে নড়াইল শ্রমিক ইউনিয়নের নামে এ চাঁদা তোলা হচ্ছে। এ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে চলাচলকারী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকার চালকরা।