সরকারি বাসা বরাদ্দ নেওয়ার পর কোনো সরকারি চাকরিজীবী মারা গেলে মৃত্যুর আগের মাস থেকে পরিবার যতদিন ওই বাসায় থাকবে, ততদিন পর্যন্ত বাসাভাড়া বাবদ মৃত চাকরিজীবীর মূল বেতনের ১০ শতাংশ অর্থ আদায় করবে সরকার। এতদিন এটি মূল বেতনের ৫০ শতাংশ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত ছিল। অর্থাৎ, সরকারি চাকরিজীবী বাড়িভাড়া ভাতা হিসেবে বেতন কাঠামো অনুযায়ী যে পরিমাণ অর্থ পাচ্ছেন, সরকারি বাসা বরাদ্দ নিলে তার পুরোটাই কেটে নিত সরকার।
গত ৩১ জুলাই জারি করা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফাহিমুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, সরকারি বাসা বরাদ্দ নেওয়ার পর প্রাপকের মৃত্যুজনিত কারণে তার পরিবারকে যতদিন সরকারি বাসায় বসবাসের অনুমতি দেওয়া হবে, সে সময়কালের জন্য মৃত কর্মচারীর মৃত্যুর আগের মাসে আহরিত মূল বেতনের ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও অন্যান্য কর, বিল ইত্যাদি মৃত কর্মচারীর পরিবারের কাছ থেকে আদায় করা হবে। বাংলাদেশ অ্যালোকেশন রুলস ১৯৮২-এর বিধি ১৫ (১)-এর আওতায় মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।