ক্রীড়াঙ্গনে ডেঙ্গুর প্রকোপ

হাসপাতালে এখনো ভর্তি পাঁচজন

চলমান এএস গেমসের ক্যাম্পের পাঁচ ক্রীড়াবিদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। পাঁচজনই মেয়ে ক্রীড়াবিদ। এর মধ্যে দুজন কাবাডি খেলোয়াড় চিকিৎসাধীন আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে। আর তিনজন খো খো খেলোয়াড় রয়েছেন ধানম-ির বাংলাদেশ মেডিকেলে। এছাড়া বেশ কজন মেয়ে ক্রীড়াবিদ ডেঙ্গুতে আক্রন্ত হয়ে বিভিন্ন মেয়াদে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু তীব্র আকার ধারণ করায় এসএ গেমসের ক্যাম্পগুলো ছেড়ে আগেভাগেই বাড়ির পথ ধরেছেন বেশিরভাগ ক্রীড়াবিদ। মহিলা ক্রীড়া সংস্থা ফাঁকা হতে শুরু করে সোমবার থেকে। এখানেই তিনটি ডিসিপ্লিনের ১২ জন মেয়ে আক্রান্ত হলে অন্যরা শঙ্কিত হয়ে পড়ে। ক্যাম্প ছেড়ে চলে যান অনেকে। গতকাল কাবাডি দলের সহকারী কোচ শাহনাজ পারভীন মালেকা জানান, ‘আমাদের দুজন খেলোয়াড় সিএমএইচে চিকিৎসাধীন আছেন। গুলশানের শুটিং স্পোর্টস কমপ্লেক্সে শুটিং দলের ক্যাম্পও দু’দিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে ডেঙ্গু আতঙ্কে। ফেডারেশনের চিফ অপারেটিং অফিসার মোস্তাক ওয়াইজ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমিটির সদস্য সচিব এ কে সরকার নতুন করে আর কোনো ক্রীড়াবিদ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি বলে জানান।