দারুণ একটি রেকর্ডের হাতছানি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। জর্জটাউনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই ভারত অধিনায়কের মুকুটে যোগ হতে পারে নতুন পালক।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে সাতটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ম্যাচটিতে আর ১৯ রান করতে পারলেই উইন্ডিজের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের রান দাঁড়াবে ১৯১২। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে পাকিস্তানের সাবেক তারকা ব্যাটসম্যান জাভেদ মিঁয়াদাদের। তার ঝুলিতে রয়েছে ১৯৩০ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান করার তালিকায় আপাতত কোহলি এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি। তবে জর্জটাউনে আজই মিঁয়াদাদকে টপকে রেকর্ডটি নিজের করে নিতে পারেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
মিঁয়াদাদই নন, ওয়ানডে সিরিজে বিরাট ভাঙতে পারেন রামনরেশ সারওয়ানের রেকর্ডও। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ক্রিকেটে সার্বিকভাবে সব থেকে বেশি রান রয়েছে সারওয়ানের। ১৭ ম্যাচে ৭০০ রান করেছেন তিনি। কোহলির ১২ ম্যাচে সংগ্রহ করেছেন ৫৫৬ রান। অর্থাৎ ১৪৫ রান করলে সারওয়ানকে টপকে যাবেন বিরাট।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বি-পাক্ষিক ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার নজির রয়েছে যুগ্মভাবে কোহলি ও ডেসমন্ড হেইনসের দখলে। দুজনেই দুটি করে শতরান করেছেন। একটা তিন অঙ্কের ইনিংস খেললে কোহলি হেইনসকে পিছনে ফেলে শীর্ষে উঠে আসবেন।