সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারতের গ্রুপে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারত এবং শ্রীলঙ্কার গ্রুপে খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় এই টুর্নামেন্টের ‘ড্র’ অনুষ্ঠিত হয়।

৭টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক নেপাল, ভুটান, পাকিস্তান ও মালদ্বীপ।

গত আসরে পাঁচটি দল অংশ নেওয়ায় রাউন্ড রবিন লিগ ফরম্যাটে খেলা হয়েছিল। নেপাল ও বাংলাদেশ সমান ৯ পয়েন্ট নিয়ে শেষ করলেও লিগের ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হারায় হেড-টু-হেড সমীকরণে শিরোপা জিতে নেয় নেপাল। ২০১৫ সালে প্রথম আসরেও তারা ছিল চ্যাম্পিয়ন।

এবার অবশ্য সেমিফাইনাল খেলার ভাল সম্ভাবনাই আছে বাংলাদেশের যুবাদের সামনে। গ্রুপে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারালেই বলতে গেলে শেষ চার নিশ্চিত হবে তাদের। এই আসর এবং নভেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশের যুবারা রাজধানীতে নতুন করে শুরু হওয়া বাফুফে ফুটবল একাডেমিতে ব্রিটিশ কোচ অ্যান্ড্রু টার্নারের অধীনে গত জুন থেকে প্রস্তুতি নিচ্ছে।

 এদিন ড্রয়ের পর কোচ বলেন, ‘এই টুর্নামেন্টের দিকে আমরা তাকিয়ে আছি। এর মধ্য দিয়ে বোঝা যাবে ছেলেদের মান কোন জায়গায় আছে।’

টার্নারের অধীনে অনূর্ধ্ব-১৮ বয়সের ৩১ জন ফুটবলার রয়েছে। দলটি ২৩ জনে নামিয়ে আনবেন তিনি।

২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। এরপর ২৫ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে ভারতের। ২৯ সেপ্টেম্বর হবে আসরের ফাইনাল। সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স গ্রাউন্ডে।

বৃহস্পতিবার একই সঙ্গে আসন্ন সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে সাফ। আগামী ৯ থেকে ১৫ অক্টোবর ভুটানে অনুষ্ঠিত হবে চার দলের এই আসর। বর্তমান চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ ছাড়াও এই আসরের অপর দুই দল স্বাগতিক ভুটান ও নেপাল। রাউন্ড রবিন লিগ শেষে শীর্ষ দু’টি দল নিয়ে হবে ফাইনাল।

বাংলাদেশের মেয়েরা তাদের প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর ভুটানের বিপক্ষে। এরপর ১১ ও ১৩ অক্টোবর তারা মুখোমুখি হবে নেপাল ও ভারতের।