বিদ্যার মিশন এবার মঙ্গলে!

ভারতের স্বাধীনতা দিবস মানেই অক্ষয় কুমারের সিনেমা। টানা সাত বছর স্বাধীনতা দিবসেই পর্দায় ছিলেন অভিনেতা। এবার হাজির ‘মিশন মঙ্গল’ নিয়ে। তবে এবারের মিশনটা যেন বিদ্যাময়। কারণ এ সিনেমার গল্প সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। যা একদল নারীর কাহিনী। মিশনের প্রধান যিনি, সেই চরিত্রটিই নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন বলিউড তারকা বিদ্যা বালান। এরইমধ্যে সিনেমাটি নিয়ে যেমন আগ্রহ দেখা দিয়েছে, তেমনি শুরু হয়েছে সমালোচনা। কারণ, সিনেমাটি নারীদের নিয়ে, এবং এতে অক্ষয় কুমারের মাত্র ২৫ মিনিটের চরিত্র রয়েছে। তারপরও ট্রেইলার, বিশেষ করে পোস্টারে তাকেই সবচেয়ে বড় করে দেখানোয় ক্ষেপেছেন নারীবাদীরা। যা পরোক্ষভাবে সমর্থন করেছেন খোদ ছবির অভিনেত্রী তাপসী পান্নুও।  শুধু তাই নয়, নির্মাতাদের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ এনে মামলা ঠুকে দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক পরিচালক রাধা ভরদ্বাজ। আলোচনা-সমালোচনা যাই হোক, বিদ্যা যে ছক্কা পেটাবেন তা নিয়ে সংশয় নেই। বরাবরই এ ধরনের জীবনঘনিষ্ঠ চরিত্র আটপৌরে উপায়ে পর্দায় আনতে তার চেয়ে আর কে ভালো পারে! গত বছরও একজন সাধারণ গৃহবধূর হুট করে আরজে হয়ে সাড়া ফেলে দেওয়াকে নিয়ে নির্মিত তুমহারি সুলু সিনেমা দিয়েই তো বলিউডের তাবড় নায়িকাদের পেছনে ফেলে ফিল্মফেয়ারের ব্ল্যাক লেডি ঘরে তুললেন।

‘মিশন মঙ্গল’ নির্মিত হয়েছে ২০১৩ সালে ভারতের ‘মার্স অর্বিটার মিশন’ অবলম্বনে। আগে মহাকাশ গবেষণা নিয়ে বলিউডে সিনেমা হয়নি। শুধু গল্পই নয়, সিনেমার অভিনেতা-অভিনেত্রী নির্বাচনেও চমক দেখিয়েছেন পরিচালক জগন শক্তি। ‘ভুল ভুলাইয়া’র ১১ বছর পর পুনর্মিলন হচ্ছে অক্ষয়-বিদ্যার। আরও আছেন সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, শারমান যোশি। এ ছাড়া এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে আলোচিত দক্ষিণী অভিনেত্রী নিথিয়া মেননের; যদিও শুরুতে এত জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একসঙ্গে হাজির করা ছিল বড় চ্যালেঞ্জ। কী এক ঝামেলায় ‘থ্রি ইডিয়টস’ তারকা শারমান যোশির সঙ্গে কাজ করতে আপত্তি জানিয়েছিলেন সোনাক্ষী। পরে অবশ্য রাজি হন। ‘হলিডে’ মুক্তির বছর পাঁচেক পর এক ছবিতে ফের অক্ষয়-সোনাক্ষী। সমালোচকদের সঙ্গে একমত হলেও তিনি বলেছেন, ‘এটা শুধু দর্শক টানার কৌশল।’