গোপালগঞ্জে বিদেশি মদ, মদ বানানোর সরঞ্জাম ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনার রূপসা এলাকার পুলিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৪২), অমিও দত্তের ছেলে দেবব্রত দত্ত (৪৫), বাগেরহাট জেলার শারমিন আক্তার (২০)।
শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের সায়েন্স ল্যাবরেটরি রোডের (মডেল স্কুল রোড) একটি বাসা থেকে এসব উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের অ্যাডভোকেট আনিচুর রহমান টুলুর বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়াদের ঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদ তৈরির সরঞ্জাম, ২শ’ পিস ইয়াবা ও বিদেশি ব্রান্ডের খালি ২শ’ মদের বোতল উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে গোপালগঞ্জ শহরে এ মাদক ও দেহ ব্যবসা করে আসছিল।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা এই বাড়িতে বসে বিদেশি নামীদামি ব্রান্ডের মদের বোতলে দেশীয় মদের সঙ্গে রং মিশিয়ে নকল মদ তৈরি করে বিক্রি করে আসছিল।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শনিবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।