জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার পাতিলমারি চরের যমুনা নদী থেকে রেজিয়া (৪৫) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম খান জানান, বগুড়ার সারিয়াকান্দি পাতিলের চর এলাকায় যমুনা নদীতে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য আব্দুল কালাম ঘটনাস্থলে গিয়ে রেজিয়ার লাশ শনাক্ত করে জামালপুর নিয়ে আসে। নিহত রেজিয়া চুকাইবাড়ী ইউনিয়নের চর হলকা হাবড়াবাড়ীর গ্রামের মৃত মজিবরের স্ত্রী।
উল্লেখ্য গত বুধবার রাতে দেওয়ানগঞ্জে ভিজিএফ এর চাল নিয়ে ফুটানী বাজার ঘাট থেকে চর হলকা হাবড়া গ্রামে যাওয়ার সময় ৩০ যাত্রী নিয়ে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার রেজিয়ার লাশ উদ্ধারের পর এখনো শহীদ সিকদার (৪৫), কাঞ্চন মালা (৪৫), নয়ন (৮), দুলাল (৩০), মোছা. আকন (৬৫) নামে আরও ৫ জন নিখোঁজ আছেন।