দুর্নীতির মামলায় মাগুরা সরকারি উচ্চবালক বিদ্যালয়ের সাবেক এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে মহম্মদপুর থানা পুলিশ মাগুরা শহরের ভায়না মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শিক্ষক জাহিদুল ইসলাম বর্তমানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত।
জানা গেছে, মাগুরা সরকারি উচ্চবালক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে গাছ চুরিসহ নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গত বছর এ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিয়াউল হাসান মাগুরা জুডিশিয়াল আদালতে তার বিরুদ্ধে মামলা করেন।
আদালতের নির্দেশে মামলার অভিযোগ তদন্তের দায়িত্ব পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। যার পরিপ্রেক্ষিতে আদালত জাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।