বিশ্বকাপে ব্যর্থতার দায়ে প্রধান কোচ মিকি আর্থার, ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ার, বোলিং কোচ আজহার মাহমুদ আর ফিটনেস ট্রেনার গ্রান্ট লুডেনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোড (বিসিবি)। জাতীয় দলের জন্য নতুন কোচের জন্য দরখাস্তও আহ্বান করেছে তারা। সংবাদ মাধ্যমে গুঞ্জন, হেড কোচ হওয়ার দৌড়ে অনেককেই পেছনে ফেলে এগিয়ে আছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।
সূত্রের খবর, বিদেশি কোচ ছেড়ে এবার দেশীয় কোচেই আস্থা রাখতে পারে পাক ক্রিকেট বোর্ড। যে কারণে হেড কোচের প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার আগে পাকিস্তানের হয়ে ৭৫ টেস্ট, ১৬২ ওয়ানডে ও ৩৯ টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন মিসবাহ। এহসান মানি পরিচালিত প্রশাসন মনে করছে, পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে পারবেন তিনি। যদিও এ ব্যাপারে মিসবাহ বা পিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।