শেখ কামাল ক্লাব কাপে আসছে ভারতের মোহামেডানও

বাংলাদেশের শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলবে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আগের দিন একই দেশের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবও নিজেদের আসার বিষয়টি নিশ্চিত করে।

ভারতের শীর্ষস্থানীয় দুই ক্লাবকে বাংলাদেশে আনতে দৌড়ঝাঁপ করছেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক সাইফ পাওয়ারটেকের কর্ণধার তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তিনি এখন ভারতে আছেন।

রুহুল আমিন জানিয়েছেন, এই দুই ক্লাবের পাশাপাশি দেশটির আরেকটি নামকরা ক্লাব ইস্টবেঙ্গলও আসার কথা বলছে।

গত কয়েক বছর ধরে চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্টটি আয়োজন করছে। এবার কবে শুরু হবে, সেই তারিখ এখনো ঠিক হয়নি।

তরফদার মোহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, অক্টোবরের তৃতীয় সপ্তাহে তারা টুর্নামেন্ট শুরু করবেন।

টুর্নামেন্টে এবারের আসরটি হবে ৮ দল নিয়ে। আগস্টের মধ্যেই সব দল চূড়ান্ত হবে।

বাংলাদেশের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী এবং আয়োজক চট্টগ্রাম আবাহনী খেলবে স্থানীয় ক্লাবগুলোর মধ্যে।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের সর্বশেষ আসর বসেছিল ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ। প্রথম টুর্নামেন্ট হয়েছিল ২০১৫ সালের ২০ থেকে ৩০ অক্টোবর। বিদেশি ক্লাবগুলো পাওয়া নিয়ে জটিলতার কারণে টুর্নামেন্টের সময় নির্দিষ্ট রাখতে পারেনি চট্টগ্রাম আবাহনী।