ডেঙ্গু জ্বরকে বৈসক সমস্যা হিসেবে অভিহিত করে রোগটি নিয়ে রাজনীতি না করে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য তোফায়েল আহমেদ। গতকাল শনিবার ভোলায় ডেঙ্গু আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচিতে রক্তদান করেন রেডক্রিসেন্টের ৪০ জন স্বেচ্ছাসেবী।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল বলেন, ডেঙ্গু এখন একটা বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বের কোটি কোটি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ফিলিপাইনে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হয়েছে এবং ৫০০ মারা গেছে। তিনি বলেন, আজ শুধু বাংলাদেশ নয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারত এবং ইউরোপের অনেক দেশ ডেঙ্গু আক্রান্ত। আমরা কেউ এ ডেঙ্গুকে যেন রাজনীতি হিসেবে ব্যবহার না করি। এমন মানবিক সমস্যায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কেউ কাউকে দোষারোপ করে লাভ নেই।