পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামো বদল

ফার্স্ট ক্লাসে ১৬’র পরিবর্তে ৬ দল

ঘরোয়া ক্রিকেটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন করে পথচলার প্রস্তুতি নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের প্রস্তাবিত নতুন ক্রিকেট কাঠামো শুক্রবার দেশটির মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এতে ৪০ বছর পর বদলাতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা। এতদিন হয়ে আসা ১৬ দলের জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট এখন থেকে হবে ৬ দলের।

গত জুনে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করার উদ্যোগ নেওয়া হয়। মন্ত্রিসভার ফেডারেল ক্যাবিনেটের কাছে প্রস্তাব আকারে রাখা হয় নতুন কাঠামো তৈরির পরিকল্পনা। তারা প্রাথমিক সবুজ সংকেত দিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের অনুমোদনের জন্য পাঠান। জানা যায়, পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান নিজেই দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটের উন্নতির পক্ষে ছিলেন। তাই নতুন পরিকল্পনার পক্ষে সিদ্ধান্ত দিতে দেরি করেননি। ক্যাবিনেট সভা শেষে পাকিস্তান প্রধানমন্ত্রী অফিসের তথ্য কর্মকর্তা জানান, ‘৪০ বছর পর পাকিস্তান ক্রিকেট নতুন কাঠামো পেল। এখন তারা ঘরোয়া ক্রিকেটের উন্নয়নে কাজ করতে পারবে। এখানে ঘরোয়া ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া অন্ধ ও মহিলা ক্রিকেটও সমান গুরুত্ব পাবে এবং অভিজ্ঞ ক্রিকেটারদের উন্নতির বদলে যুব ক্রিকেটে উন্নতির জন্য বেশি পরিমাণ অর্থ বরাদ্দের অনুমতিও দেওয়া হয়েছে।’

নতুন ক্রিকেট কাঠামোতে পিসিবির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব ও কর্র্তৃত্বও ভাগ করে দেওয়া হয়েছে। আর মাঠের লড়াইয়ের ক্ষেত্রে, আগে পাকিস্তানের সর্বোচ্চ লিগ কায়েদ এ আজম ট্রফিতে ১৬টি বিভাগ অংশ নিত। এখন থেকে শুধু ৬টি প্রদেশ খেলবে। পাঞ্জাব থেকে দুটি এবং সিন্ধু, বেলুচিস্তান, খাইবার পখতুনওয়ালা ও ফেডারেল এরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে একটি করে মোট ছয়টি প্রাদেশিক দল খেলবে কায়েদ এ আজম ট্রফি। অনূর্ধ্ব-১৬ থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত সর্বোচ্চ প্রতিযোগিতার একই কাঠামো হবে।

নতুন কাঠামোর ব্যাপারে পিসিবির ব্যাখ্যা, এতে করে ক্রিকেটের মান উন্নত হবে। এক এক প্রদেশ থেকে অনেকগুলো দলের বদলে একটি দল থাকা মানে সেরা ক্রিকেটার দলে থাকা। সেখান থেকে সেরাদের নিয়ে একটি টুর্নামেন্ট এবং জাতীয় দলের জন্য সেরা ক্রিকেটার বাছাইয়ে সুবিধা হওয়া। একদিক থেকে পাকিস্তানের নতুন ক্রিকেট কাঠামো বাংলাদেশের ক্রিকেট কাঠামোর মতোই হলো।