গাজীপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১এর সদস্যরা। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- মো. সেলিম ব্যাপারী (৩৯), মো. শিপন মাতবর (৪২), মো. সুমন ঢালি (৪২), মো. বাদশা মিয়া (৩২) ও মোছা. মায়া খাতুন (৩২)। তাদের কাছ থেকে ১৭৭০ বোতল ফেনসিডিল, ৮ টি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৫৯৬ টাকা এবং ৪৭৮ কেজি আমসহ একটি পিকআপ জব্দ করা হয়।
র্যাব-১ এর লে. কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন পেশার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।
আটক মাদক কারবারি সেলিম ব্যাপারী র্যাবকে জানায়, সে প্রায় ৮ বছরের বেশি সময় ধরে ফলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। মহাখালীর জনৈক যুগন হাওলাদারের মাধ্যমে সে মাদক ব্যবসা শুরু করে। যুগন হাওলাদার পেশায় একজন ফল ব্যবসায়ী। সদরঘাট এলাকায় তার ফলের আড়ত আছে। সে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের আড়ালে মাদক দ্রব্য ঢাকায় নিয়ে এসে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করে, যাদের অধিকাংশই ফল বিক্রেতা।
র্যাব আরও জানায়, আটককৃত মাদক কারবারিদের সবার বাড়ি মুন্সিগঞ্জে। তাদের সঙ্গে মাদক ব্যবসায় জড়িত বেশ কয়েকজনের নাম জানা গেছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।