সোনাগাজীতে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে পূর্বশত্রুতা ও আধিপাত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষরা মো. শামীম (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঈদুল আজহার আগের রাত (রোববার রাত) সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরসোনাপুর তিনবাড়িয়া দাসপাড়া গ্রামের মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

শামীম উপজেলা ছাত্রলীগের সদস্য ও সোনাগাজী সদর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সংলগ্ন চরশাহাপুর গ্রামের কৃষক আবদুল মুনাফ মিয়ার ছেলে

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় রাহাদ, শেখ আলম ও নুর আলমকে গ্রেপ্তার করেছে।

পুলিশ, এলাকাবাসী, নিহতের পরিবার ও দলীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন খোন্দকারের সঙ্গে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সাঈদ আনোয়ারের বিরোধ চলে আসছে।

ইফতার গ্রুপের স্থানীয় ছাত্রলীগ নেতা মো. শামীম ও তার বন্ধু সিএনজি অটোরিকশাযোগে রাতে তার নানার বাড়ি চরলামছিডুব্বা গ্রাম থেকে ফিরছিলেন। পথে চরসোনাপুর তিনবাড়িয়া দাসপাড়া মিয়ার দোকানের সমানে পৌঁছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা সাঈদ আনোয়ার, পারভেজ, শেখ আলম, কাজী, নূর করিম, হোনা মিয়া, রাহাদ, নূরনবীর নেতৃত্বে ২৫-৩০জন সিএনজি অটোরিকশার গতিরোধ করে। শামীমকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখে। 

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে, সেখান থেকে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নে্ওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 উল্লেখ্য, সাঈদ আনোয়ার গ্রুপের একই লোকজন গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ইফতেখার গ্রুপের যুবলীগ নেতা আইয়ূব নবী ফরহাদের মৎস্য খামারের নৈশপ্রহরী রতন চন্দ্র দাসকে একই কায়দায় হত্যার চেষ্টা চালিয়েছে।

এ ঘটনায় আইয়ূব নবী ফরহাদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এ নিয়ে গত কয়েক দিন যাবৎ দু'গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়াসহ উত্তেজনা বিরাজ করছে।

সাঈদ আনোয়ারের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ছিনতাই, অস্ত্র, রাহাজানি, সন্ত্রাসী, হামলা ও ডাকাতি সহ ১৩টি মামলা রয়েছে।

এর আগে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি চরসোনাপুর তিনবাড়িয়া দাসপাড়ার সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।