বিএনপি-জামায়াত সম্পর্কে সবাইকে সর্তক থাকতে হবে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপি জামায়ত এখনো তৎপর রয়েছে। এদের সম্পর্কে সবাইকে সর্তক থাকতে হবে।

সোমবার পঞ্চগড়ের বোদা পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনি পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডে আর্থসামাজিক উন্নয়নের ফলে মানুষের আয় ক্ষমতা বেড়ে গেছে। এ কারণে ঈদসহ সকল উৎসব আনন্দঘন পরিবেশে পালন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে সম্প্রীতি নষ্ট করার জন্য বিএনপি জামায়ত এখনো তৎপর রয়েছে। এদের সম্পর্কে সবাইকে সর্তক থাকতে হবে।

বক্তব্য শেষে রেলমন্ত্রী এই ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

এই মাঠে মন্ত্রীর নামাজ আদায়ের খবর প্রচার হওয়ায় অনেকে দূরদূরান্ত থেকে বোদা পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করতে আসেন।

নামাজ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু পরিবারের সদস্য, সকল শহীদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ জাতি ও মুসলিম উম্মার রুহের মাগফেরাত, সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

পরে মন্ত্রী জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, স্থানীয় সুধী, সাংবাদিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং কোলাকুলি করেন।

এরপর মন্ত্রী ময়দানদিঘীর হরিপুর কবরস্থানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন।