জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার বিষয়টি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে চীন। ভারতীয় কর্মকর্তা সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে কাশ্মীর বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওন।
গত সোমবার ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করার পর সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অলিগলির দখল নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয় নেতারা আছেন ধরপাকড়ের ভেতর।
চীন ভ্রমণে থাকা জয়শঙ্করের সঙ্গে আলাপকালে গতকাল চীনা মন্ত্রী বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
চীন আশা করছে, ভারত আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবে।
কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌশলগত কারণে চীন বরাবরই পাকিস্তানের পক্ষে। সংবিধান পরিবর্তন করার পর ইমরান খান চীনের সঙ্গে আলাপ করেন। তিনি জানান, ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তার দেশ সম্ভাব্য সব উপায়ে ‘কাউন্টার’ দেবে।