ডেঙ্গুতে ঢাকায় শিশুসহ ২ জনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার (৫) মৃত্যু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সকাল ১০টার দিকে মৃত্যু হয় মাহবুবুল হক (৩৫) নামে এক ব্যক্তির।

সোহরাওয়ার্দী হাসপাতালের উপপরিচালক মামুন মোর্শেদ জানান, দুদিন আগে আগারগাঁও তালতলা থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সামিয়া। সে ছিল শক সিনড্রোমের রোগী। ভোর সাড়ে ৬টায় শিশুটি মারা যায়।

বিএসএমএমইউ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম জানান, বিএসএমএমইউতে মারা যাওয়া মাহবুলের বাড়ি রাজবাড়ীর পাংশায়। ঈদের দিন বিকেল ৪টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

সরকারি হিসেবে এখন পর‌্যন্ত ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী মৃত্যুর সংখ্যা শতাধিক।