পাওনা টাকা চাওয়ায় চাচার হাতে ভাতিজা খুন

জামালপুরের ইসলামপুরে সেচ মেশিনের পাওনা টাকা চাইতে গিয়ে চাচার ফলার আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়নের ডিগ্রির চর আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী(৩৫) ওই গ্রামের আব্দুল করিমের ছেলে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সেচ মেশিনের পাওনা সাড়ে ৩ হাজার টাকা নিয়ে ইদ্রিস আলীর সাথে তার চাচা জালাল উদ্দিনের বিরোধ চলছিল। বুধবার ইদ্রিস আলী তার চাচা জালাল উদ্দিনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে জালাল উদ্দিন ও অপর চাচা হাসমত আলী দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিসের ওপর হামলা চালায়।

এসময় ধারালো ফলার আঘাতে ইদ্রিস আলী গুরুতর আহত হয়। পরে স্বজনরা ইদ্রিসকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযুক্ত দুই চাচাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।