কোহলির কাছে কেন ক্ষমা চাইলেন ডেল স্টেইন?

টুইটারে ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে ক্ষমা চাইলেন ডেল স্টেইন। ভারত সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ঠাঁই হয়নি ৩৬ বছর বয়সী অভিজ্ঞ বোলারের। হতাশ স্টেইন যে কারণে নির্বাচকদের এক হাত নিয়েছেন। ভারতে খেলতে মুখিয়ে ছিলেন। কিন্তু সেটা এখন পূরণ হচ্ছে না বলে ভারতের ক্রিকেট ভক্ত ও অধিনায়ক বিরাট কোহলির কাছে ক্ষমা চেয়েছেন প্রোটিয়া বোলার।

সপ্তাহখানেক আগে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান ডেল স্টেইন। চোটের কারণে আসলে ইদানীং দলে থিতু হতেই পারছিলেন না। আর এ কারণেই দীর্ঘ পরিসরের ক্রিকেটকে বিদায় বলে শুধু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মন দিতে চেয়েছেন।

আসছে ভারত সফরে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে থাকবেন বলে আশা করেছিলেন। কিন্তু নির্বাচকেরা তাকে স্কোয়াডে রাখেননি। এমনকি তাকে বাদ দেওয়ার কারণও উল্লেখ করেননি। আর এতেই নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি স্টেইন। নির্বাচকদের নিলেন এক হাত। যা প্রকাশে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

নেইল ম্যানথ্রপ নামের একজন একটি টুইট করেছিলেন প্রোটিয়াদের স্কোয়াড নিয়ে। তার টুইটটি ছিল এমন, ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সিএসকে (ক্রিকেট সাউথ আফ্রিকা) দল ঘোষণা করেছে। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, ক্রিস মরিস নাকি নিজেকে নির্বাচনের বাইরে রেখেছেন।’

ডেল স্টেইন এই টুইটের রিপ্লাই দেন। লেখেন, ‘আমি নিজেকে ফাঁকা রেখেছিলাম। কিন্তু কোচিং স্টাফ বদলে যাওয়ার ফলে ওরা সম্ভবত আমার নম্বরটাই হারিয়ে ফেলেছে।’

স্টেইনের এই উত্তরের পর নেইল ম্যানথ্রপ আরেক দফা টুইট করেন। প্রশ্ন ছুড়ে দেন করা সেই নতুন নির্বাচক? এদিকে নেইল ম্যানথ্রপের টুইটের দ্বিতীয় দফায় উত্তরে স্টেইন ভারতের ক্রিকেট ভক্ত ও দলটির অধিনায়ক বিরাট কোহলির কাছে ক্ষমা চান।

বলেন, ভারতের কয়েক শ কোটি মানুষও হয়তো ভেবেছেন যে, তিনি নিজেকে নির্বাচনের জন্য ফাঁকা রাখেননি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন স্টেইন। সুবাদে কোহলির সঙ্গে স্টেইনের সম্পর্কটা বন্ধুত্বের। ভারতে আসতে না-পারার জন্য স্টেইনের একটা আক্ষেপ রয়ে যাচ্ছে, যা তার টুইটে পরিষ্কার।