কাশিমপুর কারাগারে বন্দিদের অন্যরকম ঈদ উদযাপন

দেশের অন্য কারাগারের মতো গাজীপুরের কাশিমপুরে চারটি কারাগার ঈদের খুশির জোয়ারে ভেসেছে। কারাবন্দিদের জন্য নানা আয়োজন করে কারাকর্তৃপক্ষ। কারাগারে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেছেন বন্দিরা।

কারাসূত্র জানায়, ঈদের জামাতের পরপরই বন্দিরা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। হাসিঠাট্টায় মেতে একে অন্যের খোঁজখবর নেন। ঈদের দিন ভোর ৭টায় বন্দিদের দেওয়া হয় মুড়ি, পায়েস আর সেমাই। এবারও কাশিমপুর কারাগারে ঈদ করেছেন সাবেক প্রতিমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেন ও র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার শাহজাহান আহমেদ জানান, মহিলা কারাগারে ৮৪০ জন বন্দি রয়েছেন। স্থানীয় ব্যবস্থাপনায় এ কারাগারের প্রত্যেক বন্দিকেই মেহেদি, টিপ, সাবান ও লোশন দেওয়া হয়েছে।

কারাগারের বন্দিদের সকালের নাশতায় পায়েস ও মুড়ি, দুপুরে আলুর দম, রুই মাছ ভাজা, ডিম, সাদা ভাত এবং রাতে পোলাও-মাংস, সালাদ, মিষ্টি, পান-সুপারি ও কোমল পানীয় দেওয়া হয়।