নিজ অস্ত্রের গুলিতে আনসার সদস্যের আত্মহত্যা

যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজ অস্ত্র দিয়ে গুলিতে মকদুম আলী (৫১) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ শেষ করে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত মকদুম আলী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বিলঅমুলা গ্রামের বাসিন্দা। দেড় মাস আগে তিনি বসুন্দিয়া ক্যাম্পে যোগদান করেছিলেন।

যশোরের পুলিশ সুপার মঈনুল হক জানান, মকদুম আলী দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ নিয়ে অশান্তিতে ছিলেন। প্রায়ই ফোনে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি করতেন। গতরাতে ক্যাম্পের পাশে মসজিদে গিয়েও ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি করেন। এরপর আজ ভোরে ফজরের নামাজ শেষে ক্যাম্পে ফিরে নিজের অস্ত্র দিয়ে মুখের নিচে (থুতনিতে) ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

খবর পেয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারকে সোপর্দ করা হবে।

বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সঞ্জিত কুমার মন্ডল বলেন, ক্যাম্পে কর্তব্যরত আনসার সদস্যদের চার ঘণ্টা পর পর দুই ঘণ্টা করে দায়িত্ব পালন করতে হয়। এ কারণে অস্ত্র তাদের বিছানার পাশেই থাকে। সেই অস্ত্র দিয়েই মকদুম আলী আত্মহত্যা করেছেন।