হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে জমে উঠেছে পাঁঠা ছাগলের বাজার। আগামী রবিবার মনসা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় পাঁঠা বলি দেওয়া হয়।
এই পূজাকে ঘিরে এবার দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌর এলাকার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে বৃহৎ বাজারের আয়োজন করা হয়েছে। এই মাঠে দেশের বিভিন্ন স্থান থেকে আনা পাঁঠা বিক্রি করা হচ্ছে।
গত মঙ্গল ও বুধবার সরেজমিনে গাছবাড়িয়া সরকারি মাঠ সংলগ্ন ও রৌশনহাট পাঁঠা ছাগলের হাট পরিদর্শনে দেখা যায় ক্রেতা-বিক্রেতার দর কষাকষি। হাটে স্থানীয়দের পালিত পাঁঠার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে পাঁঠা কিনে এই হাটে বিক্রি করতে আসা বেপারিদেরও দেখা গেছে। ছোট, মাঝারি ও বড় সাইজের পাঁঠা ১০-২০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে। তাই দর কষাকষির পাশাপাশি বেচাকেনাও ভালোই হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে পাঁঠা ক্রয় করতে দেখা গেছে অনেককে।
বাজার ইজারাদার সদস্য আরিফুল ইলাম মারুফ জানান, বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতাদের কাছ থেকে হাসিলও নেওয়া হচ্ছে সহনীয়। আগামীকাল শনিবার শেষ বাজার আরও জমজমাট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।