পঁচাত্তরের পরিকল্পনাকারীদেরও বিচার চায় জাপা

১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

জাপা নেতা জয় বলেন, ‘দেশকে ষড়যন্ত্রমুক্ত রাখতে পঁচাত্তরের প্রেক্ষাপটের পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনতে হবে।’ তিনি বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই বাঙালি জাতি বাংলাদেশ নামক দেশটির মানচিত্র পেয়েছে। জাতির জনককে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত খুনিচক্রের সহযোগীরা এখনো দেশে-বিদেশে সক্রিয়।’

জাপার এই যুগ্ম মহাসচিব বলেন, পঁচাত্তর-পরবর্তী সরকার ইতিহাসের জঘন্য, বর্বরোচিত এ হত্যাকা-ে জড়িত চক্রকে বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসনও করেছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হতো না। যারা এটা স্বীকার করে না, তারা কখনোই স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে পারে না। তাদের নাগরিকত্ব স্বাধীন বাংলায় থাকা উচিত নয়। সেই সঙ্গে জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে ও পরিকল্পনাকারী ছিল, সে সব পথভ্রষ্টকারী অমানুষদের মুখোশ উন্মোচন করতে হবে।

তিনি বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনকারী বেনিফিশিয়ারিরা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে। তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে এবং যেসব সুবিধাভোগী আত্মরক্ষার্থে বিভিন্ন দলে আশ্রয় নিয়েছে, তাদের চিহ্নিত করে দল থেকে বিতাড়িত করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন যুব সংহতির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফজলুল হক ফজলু, কেন্দ্রীয় নেতা সফিকুল ইসলাম দুলাল, সৈয়দ মঞ্জুর হোসেন, জাকির হোসেন প্রমুখ।