বিআইএফসির দর বেড়েছে ৫০ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লোকসানি প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) শেয়ার দর এক সপ্তাহে ৫০ শতাংশ বেড়েছে। উদ্যোক্তাদের বেনামি ঋণ ও অর্থ আত্মসাতের কারণে ২০১৫ সাল থেকেই বিপুল লোকসানের মুখে রয়েছে প্রতিষ্ঠানটি। তারল্য সংকটের কারণে আর্থিক প্রতিষ্ঠানটি দৈনন্দিন কার্যক্রমও চালাতে পারছে না।

ধারাবাহিক লোকসানের কারণে এ কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার দর নেমে আসে ২ টাকা ১০ পয়সায়। তবে পরিস্থিতির কোনো উন্নতি না হলেও গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে শেয়ারটির দর ১ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়েছে।

২০১৭ সালে বিআইএফসির নিট লোকসান দাঁড়ায় ৭০০ কোটি টাকা। এর আগের বছর ২০১৫ সালে ৬২ কোটি ও ২০১৬ সালে ৬৮ কোটি টাকা নিট লোকসান দেয় কোম্পানিটি। বড় লোকসানের প্রভাবে গত ১ আগস্ট এ কোম্পানির শেয়ার দর নেমে আসে ২ টাকা ১০ পয়সায়।