জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সংস্কৃতি অঙ্গনে ছিল নানা আয়োজন। নাটক মঞ্চায়ন, আলোচনা সভাসহ নানা আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বঙ্গবন্ধুকে। অফিসার্স ক্লাবের আয়োজনে শোক দিবসের সন্ধ্যায় বেইলি রোডে ক্লাবের নিজস্ব মিলনায়তনে মঞ্চস্থ হয় মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ও ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়নের পরিকল্পনা ও নির্দেশনায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা। বঙ্গবন্ধু ও পরিবার-পরিজনদের নির্মম হত্যাকা- নিয়ে গবেষণালব্ধ নাটক মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’।
শিশু একাডেমির আয়োজন
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। এদিন বিকেলে আয়োজনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক আনজীর লিটন। এ ছাড়া অনুষ্ঠানে যুক্ত হয় শিশু একাডেমি থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ২৫টি সিরিজ গ্রন্থমালা প্রদর্শনী, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়াপাঠ, শিশু বক্তাদের অনুভূতি প্রকাশ। অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জাতীয় জাদুঘরে সেমিনার ‘ভয়াবহ আগস্ট’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘ভয়াবহ আগস্ট’ শিরোনামে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক প্রণব সাহা।
প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। মূল প্রবন্ধ উপস্থাপনে প্রণব সাহা বলেন, বর্ষপঞ্জির কালো পৃষ্ঠার নাম আগস্ট মাস। আগস্ট এলেই বাঙালি শোকে মুহ্যমান হয়, আতঙ্কও ঘিরে ধরে আমাদের। ড. মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শিল্পকলায় চলছে প্রদর্শনী
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি নিয়েছে শিল্পকলা একাডেমি। সেই কর্মসূচির অংশ হিসেবে একাডেমির জাতীয় চিত্রশালার ১ নম্বর গ্যালারিতে ১ আগস্ট থেকে চলছে চিত্রকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী। সেখানে ফ্রেমে ফ্রেমে শিল্পীরা এঁকেছেন বঙ্গবন্ধুকে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং শুক্রবার বেলা ৩টা থেকে রাত ৮টা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।