রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শামীম রেজা। তার বয়স ১৬। এই কিশোর মেহেরপুর জেলার গাংনী উপজেলার মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো।
রাতে কুয়াকাটা থেকে মেহেরপুরের দিকে যাওয়ার পথে দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ওই সময় শামীম জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারায়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।