ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে এই ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের দিকে আসছিল। পথে দুটি যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।