ভাই-ভগ্নিপতির হাতে মার খেয়ে আত্মহত্যা যুবকের

কক্সবাজারের পেকুয়ায় ছোট বোনের স্বামী ও বড় ভাইয়ের হাতে মারের অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন এক যুবক।

টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি এলাকার মো. ইদ্রিসের ছেলে ফরমান উল্লাহ (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বাড়ির উঠানে শুক্রবার ভোরে একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় ফরমানের পরিবার। বেলা ১১টার দিকে পেকুয়া থানা-পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

এলাকাবাসীদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফরমানকে ভগ্নিপতি নুর মুহাম্মদ তাছিব ও বড় ভাই আমান উল্লাহ মারধর করে। রাতে বাড়িতে গেলে বাড়ির লোকজনের কাছ থেকেও বকা শোনে। সেই অপমানে আত্মহত্যা করে ফরমান।

তবে মো. ইদ্রিস জানান, তার ছেলে আত্মহত্যা করেছে। তাকে বকাঝকা করা হয়েছে, কিন্তু মারধর করা হয়নি।

পেকুয়া থানার এসআই মো. ইয়াকুব ভূঁইয়া বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।