বোয়ালমারীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

ইউনিয়নের নয়ানিপাড়া গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষে আহতরা সকলেই আওয়ামী লীগ সমর্থক বলে জানা গেছে। আহতদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে গুনবহার বাগুয়ান ভবানীপুর ব্রিজের পাশে বিএনপি নেতা আ. মান্নান শেখের ভাই ১নং ওয়ার্ড বিএনপির সদস্য ওবায়দুর রহমানের নেতৃত্বে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আ. ওহাব মোল্যার চাচাতো ভাই কাইয়ূম হাজিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ ছাড়া মান্নান শেখের লোকজন গ্রামে বিভিন্ন স্থানে ওহাব মোল্যার সমর্থকদের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে দুই গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিক্ষিপ্তভাবে তিনটি বসত ঘরে রামদা দিয়ে এলোপাতাড়ি ভাবে কোপানো হয়।

আহতদের মধ্যে ওহাব মোল্যা সমর্থক কাইয়ূম (৭০), রাজু (৩০), কালাম (৭৫), আবুল বাশার (২৬). সিরাজ (৫৫), সোহেল (২৭), মোহন (৭০), আহাদকে (২১) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে আ. ওহাব মোল্যা জানান, মান্নানের লোকজন পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় তার সমর্থকদের কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর জখম করেছে। মান্নান ও তার পরিবার স্থানীয় ভাবে বিএনপি সমর্থক। এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে তিনি জানান।

মান্নান শেখের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তার বক্তব্য জানা যায়নি।

গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, ষড়যন্ত্রমূলক ভাবে আওয়ামী লীগের সমর্থকদেরকে মারধর করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থানার এসআই মো. মমিনুর রহমান বলেন, গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বিক্ষিপ্তভাবে এ হামলার ঘটনা ঘটে।

বোয়ালমালীর থানার ওসি শামিম হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।