ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ফোরকান উদ্দিন মৃধা (৪৫) ও নবীনগর পৌর যুবলীগের সভাপতি আবদুল মোমেন (৩৮)।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে শ্রমিক লীগের সদস্যসচিব মো. রহিছ মিয়া বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত বুধবার রাতে পৌর শহরের সিএনজি স্ট্যান্ডে শ্রমিক লীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। অফিসে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দুমড়ে মুচড়ে নিচে ফেলে দেয়া হয়।
এলাকাবাসী জানায়, অফিসটির কয়েক’শ ফুট দূরে ওই রাতে উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. ফোরকান মৃধার বাড়িতে ওরস ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ নেতা শাহরিয়ার বাদলকে বক্তৃতা দিতে না দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ওরসে হট্টগোল হয় বলে অভিযোগ। এর জের ধরে পরে জাতীয় শ্রমিক লীগের অফিস ভাঙচুর করা হয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই দুই নেতা এবং জেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার বাদলকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয়। পরে রাতে দু-জনকে গ্রেপ্তার দেখানো হয়।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতদের ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে বলেও তিনি জানান।