মানিকগঞ্জে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

মানিকগঞ্জে বিএনপি তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি পুলিশের বাধায় পালন করতে পারেনি। পরে সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করেন।  গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, অনুমতি না নেওয়ায় তাদের কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি।

জেলা বিএনপির আহ্বায়ক জামিলুর রশিদ খান বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপি কার্যালয় খুলে ভেতরে দোয়া মাহফিল করতে চাইলে তাতে বাধা দেয় সেখানে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

মানিকগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, বিএনপি’র পক্ষ থেকে কেউ কর্মসূচী পালনের অনুমতি চেয়ে আবেদন করেননি।